Wednesday, April 11, 2012

টানা ১০ ম্যাচ জিতলো বার্সেলোনা


প্রতিদিন ২৪ ডেস্ক
স্প্যানিশ লা লিগার বর্তমান শিরোপাধারী বার্সেলোনা টানা দশম ম্যাচ জিতে লিগের শীর্ষদল রিয়াল মাদ্রিদের আরো কাছে চলে এসেছে। মঙ্গবার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পেগেটাফকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার দল। ফলে রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান মাত্র একের।


ম্যাচে জোড়া গোল করেছেন বার্সার মেক্সিকান তারকা অ্যালেক্সসিজ সানচেজ। পেড্রো রডরিগেজ ও লিওনেল মেসি করেছেন একটি করে গোল। এই জয়ের মধ্যেদিয়ে লিগে টানা ১০ ম্যাচ জিতলো কাতালানরা।

বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান এক হলেও আজই ব্যবধান চার করে নেয়ার সুযোগ পাচ্ছে রিয়াল। আজ তারা মাঠে নামবে নগর প্রতিদ্বন্ধী অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে। রিয়ালের জন্য ভালো সংবাদ ১৯৯৯ সালের পর রিয়ালকে একবারও হারাতে পারেনি অ্যাথলেটিকো।

২১ এপ্রিল ন্যু ক্যাম্পে’ ‘এল ক্লাসিকোর ম্যাচে মুখোমুখি হবে রিয়াল-বার্সা। রিয়াল যদি আজ পয়েন্ট হারায়, তাহলে ২১ তারিখের ম্যাচ হবে এগিয়ে যাওয়ার লড়াই। আর নিজের মাঠে যদি বার্সা রিয়ালকে হারাতে পারে তাহলে একমাসেরও বেশি সময় পর পয়েন্ট তালিকার শীর্ষস্থান ফিরে পাবে কাতালানরা। শিরোপার ফয়সালাও হয়ে যেতে পারে ওই ম্যাচে।

খেলার শুরু থেকেই বার্সা তাদের স্বাভাবিক পাসিং ফুটবল খেলতে থাকে। বার্সা নিয়ন্ত্রিত পাসিংয়ের কাছে গেটাফে ছিল অসহায়। এই ম্যাচের মধ্যেদিয়ে একটি প্রতিশোধও নিয়ে নিল বার্সা। লিগে তারা যে দুটি ম্যাচ হেরেছে তার একটি ছিল এই গেটাফের বিপক্ষে। তিন গোল বেশি দিয়ে নিজেদের সামর্থের কথা আরো একবার জানিয়ে দিল বার্সা। নিজেদের ম্যাচ শেষে বার্সার চোখ এখন মাদ্রিদের দিকে। আজ মাদ্রিদ কি করে সেদিকে তাকিয়ে থাকবে তারা।

খেলা শেষে বার্সার গোলরক্ষক ভিক্টর ভালদেস বলেছেন, “আমাদের কাজ আমরা শেষ করেছি। এখন অপেক্ষা করতে হবে কাল রাতে (আজ) রিয়ালের ম্যাচে কি ঘটে?”

খেলার ১৩ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন সানচেজ। এরপর প্রথম হাফ শেষ হওয়ার একমিনিট আগে গোল করেন মেসি। লিগে এটি তার ৩৯তম গোল। সব মিলিয়ে ৬১। স্প্যানিশ লিগের এক মৌসুমের সর্বোচ্চ গোলের ক্রিস্টিয়ানো রোনালদোর ৪০ গোল ছুঁতে আর একটি গোল করতে হবে মেসিকে।

৭৩ মিনিটে নিজের ‍দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ করেন সানচেজ। আর ৭৫ মিনিটে শেষ বারের মতো গেটাফের কফিনে পেরেক ঠোকেন পেড্রো।

রাতের অন্য খেলায় ওসাসুনা ২-০ গোলে এসপানিওলকে হারায়। এছাড়া রিয়াল সোসিয়েদ ও রিয়াল বেটিসের খেলা ১-১ গোলে ড্র হয়।

লিগে ৩১ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। আর একম্যাচ বেশি খেলে বার্সার পযেন্ট ৭৮।


No comments:

Post a Comment