প্রতিদিন ২৪ ডেস্ক
তাদের দাবি যে বিষয়কে কেন্দ্র করে প্রিমিয়ার ক্রিকেট অচল হয়েছে তার সমাধান আগে করতে হবে। মোহাম্মদ ইউসুফের নিবন্ধন ছাড়পত্রের বৈধতার চ্যালেঞ্জের জবাব না পাওয়া পর্যন্ত খেলবে না আবাহনী ও মোহামেডান।
মোহামেডানের পরিচালক প্রশাসন লোকমান হোসেন ভূঁইয়া আগের সিদ্ধান্ত থেকে একচুলও সরেননি। বাংলানিউজকে তিনি বললেন, ‘যতক্ষণ পর্যন্ত সিসিডিএম প্রজ্ঞাপন দিচ্ছে ইউসুফের ছাড়পত্র জাল বা ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা খেলবো না। এই সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো সুযোগ নেই।’
রোববার সন্ধ্যায় সিসিডিএম থেকে চিঠি দেওয়া হয়েছে সুপার লিগের ছয় দলকে। প্রত্যেক দল চিঠি প্রাপ্তি স্বীকার করলেও খেলা মাঠে গড়ানোর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সিসিডিএমকে পাল্টা চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মোহামেডান। লোকমান হোসেন বলছেন, ‘আগে যে চিঠি দিয়েছি একই চিঠি আবারও তাদেরকে দেবো। আগামী ১১ এপ্রিল সংবাদ সম্মেলনও করবো আমরা।’
মোহামেডান একা নয়, তাদের সঙ্গে জোট বেঁধেছে আবাহনীও। যদিও আবাহনীর ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক ড. মল্লিক জানিয়েছেন, তাদের ক্রিকেট চেয়ারম্যান সাংসদ নাজমুল হাসান পাপন দেশে না থাকায় কোন সিদ্ধান্ত দিতে পারছে না। সিঙ্গাপুর থেকে মঙ্গলবার তিনি দেশে ফিরলে আবাহনীর লিগে অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিক জানানো হবে।
যদিও আবাহনীর একজন ক্রিকেট কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে বাংলানিউজকে বলেন, ‘আমরা এরই মধ্যে আইনজীবীর সঙ্গে কথা বলেছি। ইউসুফকে অবৈধ পথে খেলানো হয়েছে বলেই তো আমরা আপত্তি করেছি। যে জন্য আমাদের পয়েন্ট কেটে নিচ্ছে। অথচ ওই সমস্যার সমাধান না করে খেলা শুরু করতে চাচ্ছে। তা হয় কি করে। আমাদের চ্যালেঞ্জের জবাব না পাওয়া পর্যন্ত লিগে খেলার প্রশ্নই আসে না। বিসিবি সিদ্ধান্ত দিয়েছে ইউসুফ লিগের বাকি ম্যাচগুলো খেলবে না। তারমানে জাল ছাড়পত্র দিয়ে তার নিবন্ধন হয়েছিলো। যদি তাই না হয় তাহলে ইউসুফকে দেশে ফেরত পাঠিয়েছে কেন?’
আবাহনী ক্রিকেট কমিটি রোববার রাতে বৈঠক করবে। সেখানে যে সিদ্ধান্ত হবে তা পরের দিন (সোমবার) প্রকাশ করবে বলে জানান ড. মল্লিক।
ইউসুফের বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে বলে শনিবার বিসিবির জরুরী সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনি প্রক্রিয়ায় তা সমাধান করা হবে বলে জানায় বিসিবি। সেক্ষেত্রে ভিক্টোরিয়ার অবনমনের পাশাপাশি লাভবান হবে আবাহনী। সেজন্যই তারা আগে সমাধান দাবি করছে।
এদিকে ভিক্টোরিয়া স্পোর্টিংয়ের পক্ষ থেকেও লিগে খেলা নিয়ে আপত্তি আছে। ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান লুৎফর রহমান বাদল বাংলানিউজকে বলেন, ‘আমাদের দাবি পূরণ হয়নি। পাঁচজন বিদেশি খেলানোর অনুমতি চেয়ে আজ বিসিবিকে চিঠি দিয়েছি। তাতে লেখা হয়েছে একাদশ গঠনে সমস্যা হলে আমরা নাও খেলতে পারি।’
যাদেরকে নিয়ে জটিলতা সেই ভিক্টোরিয়াও বিসিবিকে একের পর এক চাপ প্রয়োগ করে যাচ্ছে। যদিও তাদের দাবিটা অন্যরকম, সাকিব ও তামিম আইপিএলে চলে যাওয়ায় বিশেষ ব্যবস্থায় তাদেরকে অতিরিক্ত দুইজন বিদেশি খেলানোর অনুমতি দিতে হবে।
অবশ্য এই তিনটি ক্লাবই তাদের দলকে অনুশীলনে রেখেছে। দুই দিন ধরে অনুশীলন করছে মোহামেডান। আবাহনীও মাঠে। ভিক্টোরিয়া তো নিয়মিতই প্র্যাকটিসে।
No comments:
Post a Comment