Wednesday, April 11, 2012

নতুন পেলের হ্যাটট্রিক আবাহনী জয়


প্রতিদিন ২৪ ডেস্ক
ঢাকার পেশাদার লিগে নাইজেরিয়ান খেলোয়াড়দের দাপট অব্যাহত রয়েছে। বুধবার সকার ক্লাবের বিপক্ষে আবাহনী তাদের একমাত্র নাইজেরিয়ান খেলোয়াড় লাকি পলের হ্যাটট্রিকসহ চার গোলের সুবাদে ৫-০ গোলে সহজ জয় পেয়েছে। এটি এবারের লিগের তৃতীয়
হ্যাটট্রিক। এর আগে যে দুটি হ্যাটট্রিক হয়েছে তাও করেছেন নাইজেরিয়ান খেলোয়াড়রা।

মওসুমের প্রথম হ্যাটট্রিক করেন মুক্তিযোদ্ধা সংসদের হয়ে খেলা নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা। আরামবাগের বিপক্ষে খেলায় হ্যাটট্রিক করেন সানডে। দ্বিতীয় হ্যাটট্রিকটি করেন আরামবাগের নাইজেরিয়ান এলিটা কিংসলে। চ্যাম্পিয়ন শেখ জামালের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এলিটা কিংসলে।

এ জয়ের ফলে মুক্তিযোদ্ধা সংসদকে পেছনে ফেলে ৯ খেলায় ২৩ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে আবাহনী। অপরদিকে সমসংখ্যক খেলায় দ্বিতীয় স্থানে থাকা মুক্তিযোদ্ধার পয়েন্ট ২০।

১১ মিনিটে গোলের সূচনা করেন লাকি পল। ওয়ালি ফয়সালের পাস থেকে বল পেয়ে লাকি পল বাম পায়ের শটে গোল করেন (১-০)।

২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আরমান আজিজ। এ সময় আরমান আজিজের নেয়া শট গোলে ঢোকার আগ মুহূর্তে সকার ক্লাবের রাজিব হাত দিয়ে বল ফেরালে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। সেই সাথে রাজিবকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। ফলে ১০ জনের দলে পরিণত হয় সকার ক্লাব। পেনাল্টি থেকে আরমান আজিজ গোল করেন (২-০)

১০ জনের দল পেয়ে আবাহনী সকার ক্লাবকে চেপে ধরে। ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন লাকি পল। আবাহনীর ঘানার খেলোয়াড় আউডু ইব্রাহিমের কাছ থেকে বল পেয়ে লাকি পল সকার ক্লাবের গোলরক্ষক আরিফুল ইসলামকে পরাস্ত করেন (৩-০)।

৫৩ মিনিটে ডান প্রান্ত থেকে আবাহনীর রাইট ব্যাক লিংকনের স্কোয়ার পাসে বল পেয়ে লাকি পল গোল করে তার হ্যাটট্রিক পূর্ণ করেন (৪-০)।

৬৫ মিনিটে ইব্রাহিমের পাসে বল পেয়ে লাকি পল গোল করলে ৫-০ গোলে এগিয়ে যায় আবাহনী। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে অভিজাত পাড়ার এই ক্লাবটি।

এ খেলায় চার গোল করায় এবারের লিগে গোলদাতার শীর্ষে লাকি পল। এ পর্যন্ত ৯ খেলায় তার গোলের সংখ্যা ৯টি।

No comments:

Post a Comment