Wednesday, April 4, 2012

আজ মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ


প্রতিদিন ২৪ ডেস্ক
মাদ্রিদ, ৩১ মার্চ: স্প্যানিশ লিগে পয়েন্ট টেবিলের ব্যবধান ধরে রাখার লক্ষ্য নিয়ে নিজ নিজ খেলায় আজ মাঠে নামছে চ্যাম্পিয়ন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ৩০তম রাউন্ডের ম্যাচে নু’ক্যাম্পে বার্সার প্রতিপক্ষ
অ্যাথলেটিকো বিলবাও এবং সফরকারী হিসেবে রিয়াল লড়বে ওসাসুনার বিপক্ষে।

বেশ কয়েক রাউন্ড ধরে স্প্যানিশ লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান এককভাবে ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। টেবিলের শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি আরো একটি লক্ষ্য নিয়ে প্রতি ম্যাচে মাঠে নামে গ্যালাকটিকোরা। সেই লক্ষটি কি হতে পারে, তা বেশ ভালোভাবেই অনুমান করতে পারছে ফুটবল ভক্তরা। চিরপ্রতিন্দ্বন্দ্বী বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে শিরোপা দৌড়ে বেশ ভালোভাবে এগিয়ে থাকা। সেই আশাও পূরণ হয়েছে রিয়ালের। ২৬ রাউন্ড পর্যমত বার্সেলোনার চাইতে ১০ পয়েন্টে এগিয়ে ছিল হোসে মরিনহোর দল।

তাতেই হতাশার সাগরে ডুব দিয়েছিলেন বার্সেলোনার কোচ পেপ-গার্দিওয়ালা। হতাশাটা অনেক বেশি ঘিরে ধরেছিল গার্দিওয়ালাকে। নয়ত সংবাদ সম্মেলনে কেনই বা বলে বসবেন, বার্সেলোনার শিরোপা জয়ের কোন সম্ভাবনাই দেখা যাচ্ছে না। তবে রিয়ালের খারাপ ফলাফলে আবারও সম্ভাবনা আসতে পারে বার্সার।

হয়ত গার্দিওয়ালার এমন আর্তনাদ শুনতে পেয়েছেন ভাগ্যদেবী। নয়ত টানা দুই ম্যাচে রিয়ালের পয়েন্ট নষ্ট করার কারণই-বা কি হতে পারে। রিয়ালের দুর্দান্ত ফর্মে থাকার কারণেই জন্ম দিয়েছে অনেক আলোচনার। মালাগা ও ভিয়ারিয়ালের সাথে ড্র করে চার পয়েন্ট খুইয়েছে গ্যালাকটিকোরা। ফলে বার্সার সাথে তাদের পয়েন্ট ব্যবধান এখন চার-এ। আর তাতে আবারো শিরোপা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে বার্সেলোনা।

তবে রিয়ালের পাশে এসে দাঁড়াতে হলে জয়ের ধারা অব্যাহত রাখতে হবে বার্সেলোনাকে। সেই মিশনে এবার তাদের প্রতিপক্ষ ২৯ খেলায় ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে থাকা অ্যাথলেটিকো বিলবাও। তবে কাজটা কঠিনই হতে পারে মেসি-জাভিদের জন্য। প্রথম পর্বে ২-২ গোলের ফলাফল তাই আভাস দিচ্ছে। তবে হিসাবের দিকে না তাকিয়ে বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে, পূর্ণদিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারে বার্সেলোনা। টানা সাত জয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছে তারা। দলের মধ্যমনি লিওনেল মেসি প্রায় প্রতি ম্যাচেই গোল করার তালিকায় নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। শেষ ছয় খেলায় ১২টি গোল করেছেন বর্তমান ফুটবলের ক্ষুদে জাদুকর মেসি। তাই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে থাকা বার্সেলোনা। দু’দলের এই ম্যাচটি শুরু হবে রাত দুটোয়।

এদিকে, বার্সেলোনার মত জয়ের লক্ষ্য নিয়েই ওসাসুনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। প্রথম পর্বে গোল উৎসব করে শতভাগ সাফল্য নিয়ে মাঠ ছাড়ে তারা। ৭-১ গোলে ঐ ম্যাচটি জিতেছিল ৭৫ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল। প্রতিপক্ষ ওসাসুনা ৪৩ পয়েন্ট নিয়ে রয়েছে ষষ্ঠস্থানে। দু’দলের এই ম্যাচটি শুরু হবে রাত বারটায়।

এছাড়া ঐ দিন মুখোমুখি হচ্ছে রেসিং সামতাদার-গ্রানাডা, স্পোর্টিং গিজন-রিয়াল জারাগোজা ও মালাগা-রিয়াল বেটিস।

No comments:

Post a Comment